ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে লংকা-বাংলা ফাইন্যান্স ও ক্রিস্টাল ইনসিওরেন্স। গতকাল সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সম্প্রতি শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানি দুটিকে চিঠি পাঠায়। ঐ চিঠির জবাবে কোম্পানি দুটির পক্ষ থেকে গত রবিবার জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের কোম্পানির শেয়ারের দাম বাড়ছে।
তথ্যমতে, গত রবিবার লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারের দাম ছিল ২১ দশমিক ৯০ টাকা। আর ৩ জানুয়ারি কোম্পানির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৩৪ দশমিক ৫০ টাকা। এদিকে, গত ২১ ডিসেম্বর ক্রিস্টাল ইনসিওরেন্সের শেয়ারের দাম ছিল ১৫ টাকা। আর গত রবিবার কোম্পানির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৪৩ দশমিক ৩০ টাকা।
