স্পোর্টস রিপোর্টার
ফেডারেশন কাপ ফুটবলের শেষ কোয়ার্টার ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ উত্তর বারিধারা ক্লাব। প্রতিপক্ষের নাম দেখে অনেকই মনে করেছিলেন আবাহনীর সামনে টিকতেই পারবে না উত্তর বারিধারা। এক তুড়িতে ছোঁ মেরে জয়টা তুলে নেবে আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেই লড়াইয়ে আবাহনী জয় নিয়ে সেমিফাইনালে উঠলেও নাকানিচুবানি দিয়েছে উত্তর বারিধারা ক্লাব। আবাহনী ১-০ গোলে উত্তর বারিধারার বিপক্ষে জয় পেয়েছে ম্যাচের ৯০ মিনিট শেষ, ইনজুরি টাইমের শেষ মিনিটে। গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো রদ্রিগেজ সুজা। এই গোলের আগ পর্যন্ত দুই দলের মধ্যে যুদ্ধ হয়েছে। মাঝে মধ্যে দেখা গেছে মেজাজ গরম করছেন দুই দলের খেলোয়াড়রা।
কোচ শেখ জাহিদুর রহমান মিলনের উত্তর বারিধারাকে হারাতে গিয়ে আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমসের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আবাহনী কোনোভাবেই চাইছিল না ম্যাচটা টাইব্রেকারে গড়াক। সেখানে গিয়ে ভাগ্যের ওপর নির্ভর করতে হয়। যেভাবেই হোক টাইব্রেকারে যেতে দেওয়া হবে না। আবাহনীর এই প্রার্থনাটা পূরণ হয়েছে।
রেফারি আলমগীর সরকার অতিরিক্ত ৫ মিনিট দেন। শেষ মিনিটে গোলের দেখা পায় আবাহনী। মিসরিয় ফরোয়ার্ড মোস্তফা মাহমুদ আবদেল খালেক ব্যথা পেয়ে শুয়ে ছিলেন। ফেয়ার প্লে দাবি করে বারিধারা। প্রতিবাদ করে রেফারির সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়লে বারিধারার গোলকিপার মামুনকে হলুদ কার্ড দেখান রেফারি। বারিধারার অভিযোগ মোস্তফা ব্যথা পাওয়ায় তারা অপ্রস্তুত ছিল। এরই মধ্যে রেফারি খেলা শুরু করেন। ডাগ আউট থেকে প্রতিবাদ করায় বারিধারার এক কর্মকর্তাকে লাল কার্ড দেখিয়ে বের করে দেন। কিছুক্ষণ বন্ধ থাকার পর আবারও খেলা শুরু হয়।
