স্পোর্টস ডেস্ক
‘তার উইকেট নেওয়া বেশ কঠিন।’ হওয়ারই কথা, সেঞ্চুরিকে যে রীতিমত অভ্যাসে পরিণত করেছেন তিনি। পরিস্থিতি যেমনই হোক, মাটি কামড়ে পড়ে থাকাটা যেন তার কাছে সাধারণ ব্যাপার। এমন ব্যাটসম্যানের উইকেট নেওয়া তো কঠিনই হবে পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাসের জন্য।
সেই তিনি কেন উইলিয়ামসন। হ্যাটট্রিক সেঞ্চুরি (টানা তিন টেস্ট) তুলে পাকিস্তানকে ফের হতাশায় ডুবালেন নিউজিল্যান্ড অধিনায়ক। তাই ক্রাইস্টচার্চ টেস্টে দ্বিতীয় দিন শেষে ১১ রানে এগিয়ে থাকলেও, স্বস্তিতে নেই সফরকারীরা। কেননা স্বাগতিকদের রান যে ৩ উইকেটে ২৮৬ রান। অবিচ্ছিন্ন ২১৬ রানের জুটি নিয়ে আজ আবারও নামবেন হেনরি নিকোলস (৮৯*) ও উইলিয়ামসন (১১২*)।
চোয়ালবদ্ধ ব্যাটিংয়ে দুই বার জীবন পাওয়া উইলিয়ামসন উপহার দেন দশকের প্রথম সেঞ্চুরি। আজ ১১ রান করলেই ছুবেন ৭ হাজার রানের মাইলফলক। সঙ্গী হেনরি নিকোলসও আছেন সেঞ্চুরির ১১ রানের অপেক্ষায়। এর জন্য তার কাছ থেকে একটা ধন্যবাদ প্রাপ্য শাহীন শাহ আফ্রিদির। পাকিস্তানি এই পেসার পা সীমানার বাইরে না ফেললে ৩ রানে সাজঘরে ফিরতে হতো তাকে।
অথচ দিনের শুরুটা ভালোই ছিল ২৯৭ রানে প্রথম ইনিংস শেষ করা পাকিস্তানের। দলীয় ৭১ রানের ভেতর দুই কিউই ওপেনার ও রস টেলরকে ফিরিয়ে ভিন্ন কিছুর ইঙ্গিত দেন পেসাররা। কিন্তু শাহীনের ঐ নো বলই মোড় ঘুরিয়ে দেয় খেলার।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ১ম ইনিংস : ২৯৭
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৮৫ ওভারে ২৮৬/৩ ( ল্যাথাম ৩৩, ব্লান্ডেল ১৬, উইলিয়ামসন ১১২*, টেলর ১২, নিকোলস ৮৯*; আফ্রিদি ৪৫-১, আব্বাস ৩৭-১, ফাহিম ৫৫-১)।
