কাল হাসপাতাল ছাড়বেন সৌরভ!

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ২১:৩৯

স্পোর্টস ডেস্ক

সব ঠিক থাকলে আজকের দিনটাই হয়তো হাসপাতালে থাকতে হতে পারে সৌরভ গাঙ্গুলিকে। ভারতীয় গণমাধ্যমগুলোর মতে, আগামীকালই বাড়ি ফিরতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। যদিও সবকিছু নির্ভর করছে ডাক্তারদের সিদ্ধান্তের ওপর।

গত শনিবার মৃদু হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি হন সৌরভ। তার হূিপণ্ডের তিনটি ধমনীয় ব্লক ধরা পড়ে। তাত্ক্ষণিকভাবে একটি ধমনিতে স্টেন্ট বসানো হলেও বাকি দুটি নিয়ে দ্বিধায় ভুগছে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড। এ ব্যাপারে আজ বিশেষজ্ঞ চিকিত্সক দেবী শেঠির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অবস্থা গুরুতর না হওয়ায় বাইপাস সার্জারি লাগছে না সৌরভের।

ভারতের সাবেক এই অধিনায়কের অসুস্থতার খবর শুনে তাকে হাসপাতালে দেখতে আসেন নানান ব্যক্তিবর্গ। এছাড়া পরিবারের সঙ্গে ফোনে কথা বলে তার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।