ধামরাইয়ে ১০ ইটভাটার মালিককে ৫০ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ২২:১৫

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ছাড়পত্র ও অনুমোদন সংক্রান্ত অনিয়মসহ নানা অভিযোগে গতকাল ১০টি ইটভাটার মালিককে প্রায় ৫০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানগুলো হলো আমেনা ব্রিক্স, পদ্মা ব্রিক্স, এ আরএম ব্রিক্স, হোসন ব্রিক্স, কালামপুর ব্রিক্স, আইরিন ব্রিক্স, ফারুক ব্রিক্স, এনবিসি ব্রিক্স, এসবি ব্রিক্স-১ ও এসবি ব্রিক্স-২। এ সময় কয়েকটি ইটভাটার কিছু অংশ এস্কাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে গত ২১ ডিসেম্বর অনুরূপ অভিযানে জয়পুরা ও দেপাশাই এলাকায় নির্মাণ, ইউনিক, কাজলী, এনবিবি, সুপার ও এনবিসিসহ ছয়টি ইটভাটার মালিককের প্রত্যেককেই ৬ লাখ টাকা করে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে কালামপুর থেকে কাওয়ালী পাড়া এবং কাওয়ালীপাড়া থেকে বালিয়া পর্যন্ত আঞ্চলিক সড়কের দুইপাশে গড়ে উঠা অসংখ্য অবৈধ ইটভাটায় এ ধরনের অভিযান চলবে কি না এমন প্রশ্ন উঠেছে জনগণের মধ্যে। কারণ এ এলাকার ভাটাগুলো বছরের পর বছর ধরে কৃষিজমির টপসয়েল কেটে নিচ্ছে ও আবাদী জমি আটকে চাষাবাদ নষ্ট করে অবৈধভাবে ইটভাটা চালিয়ে আসছে।