বিএনপির ১০ জানুয়ারি কর্মসূচির তীব্র নিন্দা কাদেরের

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ২২:১৮

আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস’-এর দিনে বিএনপি ঘোষিত বিক্ষোভ-সমাবেশ কর্মসূচির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির কাছে এক অবিনাশী চেতনার নাম, অফুরান আত্মপ্রত্যয়ের উত্স; প্রজন্ম থেকে প্রজন্মের চেতনার ধমনিতে প্রবাহিত শুদ্ধতম নাম। বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সব ষড়যন্ত্র বাঙালি জাতি অতীতের মতো কঠোরভাবে মোকাবিলা করবে।

ঐতিহাসিক ১০ জানুয়ারি বিএনপি ঘোষিত ‘তথাকথিত বিক্ষোভ কর্মসূচির’ প্রতিবাদে গতকাল সোমবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ঐতিহাসিক ১০ জানুয়ারি আমাদের মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিক ইতিহাসের অনন্য মাইলফলক। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে বাঙালি জাতি গভীর শ্রদ্ধা ও বিশেষ মর্যাদার সঙ্গে পালন করে আসছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত ১০ জানুয়ারিতে রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘোষণা বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিএনপির বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি ঘোষণাই তাদের স্বাধীনতাবিরোধী চরিত্র ও বঙ্গবন্ধুর প্রতি  বিদ্বেষ ফুটে ওঠে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তার খুনিদের সুরক্ষা প্রদান ও পুনর্বাসিত করেছিল বিএনপি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা ছিল বাঙালির হাজার বছরের আরাধ্য বস্তু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির সেই কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুর প্রাপ্তিযোগ ঘটে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতির বিভক্ত ও বিশ্লিষ্ট ক্ষুদ্র স্বার্থগুলো দূর হয়ে বৃহত্ চেতনার সূত্রে গেঁথে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের অমর কাব্য রচনা করে।