মাদারীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ২২:২০

মাদারীপুরে ২য় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মত্ দিলরুবা সুলতানা গতকাল সোমবার এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সদর উপজেলার শ্রীনদী কোর্টবাড়ী গ্রামের জালাল মোল্লার ছেলে মো. মিলন মোল্লা (২২) এবং নুরু মোল্লার ছেলে মো. মাহমুদুল হাসান ওরফে মধু মোল্লা (২৪)।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী কোর্টবাড়ী এলাকার গাউস নপ্তির মেয়ে রাবেয়া আক্তার ওরফে রিয়াকে (৮) বিকালে কোচিং ক্লাস শেষে বাড়ি ফেরার পথে আসামি মাহমুদুল হক মধু ও মিলন মোল্লা পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পরের দিন রিয়ার বাবা বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামিদের ফাঁসির রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা।