কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা

বাবা-মায়ের পর মারা গেল আঁখি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ২২:২১

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় বাবা-মায়ের পর এবার মারা গেলো তাদের একমাত্র মেয়ে আঁখি আক্তার। গত বুধবার সকালে সিগন্যাল অমান্য করে রেলক্রসিং পার হওয়ার সময় কনটেইনারবাহী ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটো রিকশা দুর্ঘটনায় যাত্রী ফরিদ মুন্সী ও তার স্ত্রী পেয়ারা বেগম মারা যান। গতকাল সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আঁখির মৃত্যু হয়।

জানা গেছে, বাবা-মায়ের কবরের পাশে তাকেও দাফন করা হয়েছে। শোকে বাকরুদ্ধ আঁখির বড় ভাই বাহরাইন প্রবাসী ইকবাল মুন্সী এবং আরেক ভাই সোহেল মুন্সী। মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনের মৃত্যুর ঘটনায় শোকাহত এলাকাবাসী। গত ৩০ ডিসেম্বর সকালে জেলার দেবিদ্বার উপজেলার গজারিয়া গ্রামের ফরিদ মুন্সী স্ত্রী ও মেয়েকে নিয়ে চিকিত্সার উদ্দেশ্যে তার ভাগিনা রাকিবুলের সিএনজি অটো রিকশায় করে কুমিল্লার একটি হাসপাতালে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে বেঁচে যান সিএনজি চালক রাকিবুল।