দেশের প্রতিভাবান বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরি করতে পারলে সেটা কেন আমরা বিদেশ থেকে আনব? বিজ্ঞানীদের প্রতি এ প্রশ্ন রেখেছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, দেশের বাইরে আমাদের বিজ্ঞানীরা প্রতিভার বিকাশ ঘটাচ্ছে। দেশের বাইরে পারলে এখানে কেন নয়?
গতকাল সোমবার রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত সায়েন্টিফিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে এ প্রশ্ন রাখেন মন্ত্রী। মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতে দেশে ভ্যাকসিন উত্পাদন বাড়িয়ে বিদেশ থেকে আমদানি কমাতে হবে। বিদেশ থেকে ভ্যাকসিন আনলে অনেক অর্থ ব্যয় হয়। এটি দেশে তৈরি করলে ব্যয় এক-তৃতীয়াংশ হবে। এতে আমাদের অর্থ সাশ্রয় হবে। গবেষক ও বিজ্ঞানীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিজ্ঞানীদের গবেষণালব্ধ জ্ঞান দিয়ে প্রাণিসম্পদ খাতকে বিকশিত করতে হবে, সমৃদ্ধ করতে হবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদারের সভাপতিত্বে মত্স্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. ফরহাদ হোসেন।
