গতকাল শনিবার সকালে সাভারের আশুলিয়া উপজেলার জামগড়া এলাকায় বিএনএন প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কারখানার ম্যানেজার সোহেল পারভেজ জানান, শুক্রবার কারখানা বন্ধ থাকায় সেখানে নিরাপত্তাকর্মী ছাড়া কেউ ছিল না। সকালে স্থানীয়রা কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখলে নিরাপত্তাকর্মীকে বিষয়টি জানায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় ডিইপিজেড থেকে দুটি এবং সাভার ফায়ার সার্ভিস থেকে আরো দুটিসহ মোট ৬টি ইউনিট যোগ দিয়ে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে কারখানাটির ভেতরে থাকা তৈরি করা কার্টন, কাগজের রিল, ছাপা কাগজ, মেশিনারীজসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।
