বন্দর কুশিয়ারা পশ্চিম পাড়ায় রাস্তার পাশে পড়ে থাকা এক নবজাতক আশ্রয় পেলো নার্সের কোলে। গতকাল শনিবার দুপুরে বন্দর থানা থেকে আইনগতভাবে শিশুটির দায়িত্ব বুঝে নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স শিরিনা বেগম। গতকাল শনিবার ভোরে কে বা কারা কুশিয়ারা পশ্চিম পাড়ায় রাস্তার পাশে শিশুটিকে রেখে যায়। সকালে ওই এলাকার রহিমার ছেলে শিশুটির কান্না শুনে তার মাকে ডেকে এনে বাচ্চাটিকে দেখায়। পরবর্তীতে রহিমাসহ এলাকাবাসী বাচ্চাটির সম্পর্কে জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কিন্তু সেখানে কেউ কোন তথ্য দিতে পারেননি। বাচ্চাটি নিয়ে বিপাকে পড়ে যান এলাকাবাসী। স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স শিরিনা বেগম বাচ্চাটিকে পালক নিতে চাইলে সবাই পুলিশের মাধ্যমে নিতে পরামর্শ দেন। খবর পেয়ে বন্দর থানার এসআই জাকিরুল এসে শিশুটিকে নিজ দায়িত্বে নেন। এরপর আইনগত প্রক্রিয়াশেষে শিশুটিকে তিনি শিরিনা বেগমের কোলে তুলে দেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পুলিশের তত্ত্বাবধানে থাকা ওই নবজাতককে দুই সন্তানের জননী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স শিরিনা বেগমকে এর দায়িত্বে বুঝিয়ে দেওয়া হয়েছে আইনগতভাবে। নার্স শিরিনা বেগম গজারিয়া থানার মোশারফ হোসেনের স্ত্রী। তার দুটি ছেলে সন্তান রয়েছে।
