আসন্ন আইনজীবী সমিতি নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। সরকারি কার্যদিবসে আদালত পাড়া এবং ছুটির দিনে আদালত পাড়া ছাড়িয়ে এবার বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। ভোটাররাও সাদরে প্রার্থীদের হাসিমুখে বরণ করে নিচ্ছেন। গতকাল শনিবার আইনজীবী সমিতির উভয় প্যানেলের প্রার্থীরা শহর ও বন্দরের বিভিন্ন এলাকায় অবস্থিত আইনজীবীদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালিয়েছেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগে এবং পরে বেশ কিছুদিন নির্বাচনের আমেজ তেমন লক্ষ্য করা না গেলেও বর্তমানে উভয় প্যানেলের জোরালো ভূমিকা নির্বাচনকে হাড্ডাহাড্ডি করে তোলার সম্ভাবনাকে বাড়িয়ে তুলছে।
বিএনপিপন্থী একজন আইনজীবী জানান, শুক্র ও শনিবার আমরা বন্দরের বিভিন্ন এলাকায় আইনজীবীদের বাসা বাড়িতে প্রচারনা চালাবো। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্টের প্যানেলকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা আশা প্রকাশ করছি গতবারের মত এবারেও আমাদের প্যানেল অধিক সংখ্যক পদে বিজয়ী হয়ে আসবে। আওয়ামীপন্থী আরেক আইনজীবী জানান, নির্বাচনে এবার জুয়েল মোহসিন প্যানেল অনেকাংশে এগিয়ে রয়েছে। কারণ বারের নির্মিতব্য ডিজিটাল বার ভবন নির্মাণের জন্য জুয়েল মোহসিনের বিকল্প নেই। অন্যথায় এই ভোগান্তিতেই থাকতে হবে সাধারণ আইনজীবীদের। সেই ভোগান্তি থেকে মুক্তির লক্ষ্যেই আবারও বিজয় লাভ করবে জুয়েল মোহসিন প্যানেলের অধিকাংশ প্রার্থী।
আগামী ২৪ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০১৯-২০২০ সালের কার্যকরী পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে মনোনয়ন প্রাপ্তরা হচ্ছেন সভাপতি পদে হাসান ফেরদৌস জুয়েল এবং সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ মোহসীন মিয়া। সিনিয়র সহ সভাপতি পদে আহাম্মদ ভূইয়া, সহ সভাপতি পদে বিদ্যুত্ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: মাহাববুর রহমান, কোষাধ্যক্ষ পদে আব্দুর রউফ মোলা।
অপর দিকে বিএনপি জামায়াত সমর্থিত ১৭ জন চূড়ান্ত প্রার্থীরা হলেন সভাপতি পদে সরকার হুমায়ূন কবীর, সিনিয়র সহ সভাপতি পদে রেজাউল করিম খান রেজা। সহ সভাপতি পদে গিয়াসউদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ জাকির, যুগ্ম সম্পাদক পদে শহিদুল ইসলাম টিটু, কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম মাসুম। কার্যকরী সদস্যের ৫টি পদের ভেতর ৪টিতে ঘোষিত প্রার্থীরা হচ্ছেন আহসান হাবীব, সারোয়ার জাহান, আমিনুল হক, ফজলুর রহমান ফাহিম। নাসরিন আক্তার সদস্য পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
