সিরাজদিখানে মধুপুর পীরের গাড়িবহরে ডাকাতি

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০০:৩৭

সিরাজদিখানে গত শুক্রবার ডাকাতির শিকার হন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও সিরাজদিখান উপজেলার মধুপুর মাদ্রাসার পীরসাহেব আলহাজ আব্দুল হামিদ। এসময় তার সাথে থাকা ৩টি প্রাইভেট কারে ডাকাতি হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১২টায় সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কের কান্দা নামক স্থানে।

জানা যায়, শুক্রবার রাতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বালাশুর কাছিমুল মাদ্রাসার মাহফিল শেষে সিরাজদিখান উপজেলার মধুপুরে নিজ মাদ্রাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রসহ ৮/১০ জনের একটি ডাকাত দল রাস্তা আটকে রামদা, চাপাতি নিয়ে পীর আব্দুল হামিদের গাড়িসহ ৩টি গাড়িতে হামলা চালায়। এ সময় তারা গাড়ি ভাঙচুর করে এবং নগদ ৩০ হাজার টাকা ও ১২টি মোবাইলফোন নিয়ে যায়। সাথে থাকা মুফতী কামরুজ্জামানসহ ৩জন ডাকাতের আক্রমণে আহত হন। আহতদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। পীর আব্দুল হামিদের ছেলে হেফাজত ইসলামের সিরাজদিখান উপজেলার সভাপতি মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ কাশেমী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। এখনও কেউ অভিযোগ করেনি।