২০২০ সালের প্রায় বেশিরভাগ সময় জুড়েই ছিল করোনা মহামারির দাপট। ফলে এক অন্যরকম পৃথিবী আমরা দেখতে পাচ্ছি, যেমনটা আগে কেউ দেখেনি! পুরো পৃথিবী যেন থমকে আছে। সবকিছু যেন নীরবে সময় পার করছে! করোনার মতো প্রতিকূলতা মাথায় নিয়েই ২০২০ সাল বিদায় নিয়েছে। তাই সবার মতো দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ পড়ুয়া তরুণ-তরুণীদের মাঝেও বরণ করা নতুন বছরকে ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা। কেমন ২০২১ সাল তারা প্রত্যাশা করে? এমন জিজ্ঞাসায় তাদের ব্যক্ত করা অভিমত তুলে ধরেছেন তোফায়েল পাঠান শান্ত
‘২০২১ হোক নতুন ভাবনার’
কাওছার আহমেদ রোহান
২০২০ সাল ছিল পৃথিবীটাকে থমকে দেওয়ার বছর। এক বছরের ব্যবধানে অনেক কিছুই পাল্টে গেছে। চিন্তা-ভাবনা, ব্যবহার এমনকি আন্তর্জাতিক সম্পর্কে ঘটেছে পরিবর্তন। সব মিলিয়ে ২০২০ ছিল পৃথিবীর জন্য অন্য এক অধ্যায়। আমি মনে করি ২০২১ হবে আরেকটা নতুন শুরু। যদিও করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে চিন্তিত সবাই। তবে প্রথম ধাক্কায় অভ্যস্ত বিশ্ব পরবর্তী ঢেউয়ে নুয়ে পড়বে না। একুশ হবে আমাদের নতুন শুরু। স্টেডিয়ামে ক্রিকেট চলবে, লাখো দর্শক খেলা দেখবে। সবাই আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরবে। কেউ আর থমকে থাকবে না। সবাই আবার আনন্দে হারাবে নতুন এবং সুস্থ এক পৃথিবীতে।
শিক্ষার্থী, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস
‘পৃথিবী আবার আগের রূপে ফিরুক’
আয়শা আক্তার জেবিন
সময় বদলে যাচ্ছে, পা দিলাম নতুন বছরে। ২০২০ আমাদের অন্যরকম এক নতুন অভিজ্ঞতা দেয়, যার মুখোমুখি আমরা আগে কখনো হইনি। বিশ্বব্যাপী এই মহামারি আমাদের জন্য অনেকটাই অনাকাঙ্খিত। এই মহামারিতে আমরা অনেকেই আমাদের আপনজনদের হারিয়েছি; এমনকি এই বছরটি আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য উপযুক্ত ছিল না। তবে আশা করি ২০২১ সাল থেকে চিত্রটা আলাদা হবে। করোনা থেকে মুক্তি পেয়ে পৃথিবীটা আবার আগের রূপে ফিরে আসবে। আমাদের সেই কর্মমুখর দেশ আবার ফিরে পাবো।
শিক্ষার্থী, নর্থ সাউথ ইউনিভার্সিটি
‘করোনামুক্ত একটি বছর চাই’
তৈয়বা কামাল তন্বী
বাংলায় ‘নতুন’ শব্দটি একটা ইতিবাচক ভাব বহন করে। করোনার দুশ্চিন্তার মাঝেও নতুন বছর নিয়ে আমার মনে রয়েছে নতুন, ভালো কিছু অভিজ্ঞতার আশা। নতুন বছরের প্রধান চাওয়া—আমরা যেন একটি করোনামুক্ত পৃথিবী পাই। করোনাবিহীন পৃথিবীতে যাতে বুকভরে একটু শ্বাস নিতে পারি! আর একটা মানুষও যেন বিনা চিকিত্সায় বা একটুখানি অক্সিজেনের অভাবে ধুঁকে ধুঁকে মারা না যায়। মানুষ আরেকটু সতর্ক হোক, সচেতন হোক, অপ্রয়োজনে বাইরে সময় না দিক। নতুন বছর সবার জন্যই ভালো কিছু নিয়ে এসেছে বলেই বিশ্বাস।
শিক্ষার্থী, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
‘চাই নতুনভাবে স্বপ্ন দেখা এবং বাঁচার বছর’
রামানুজ চক্রবর্ত্তী অপু
প্রথমত বলতে গেলে বলতে হয় ২০২০ বছরটা প্রায় পুরোটা জুড়েই বিষের মতোই কাটলো এবং শেষটাও তেমনই ছিল। তার কারণ একটাই— বিশ্বব্যাপী কোভিড-১৯ এর যে থাবাটা লেগেছে তা এখনও আছে, সেকেন্ড ওয়েভ আবার শুরু হয়েছে। যেহেতু নতুন একটি বছর এসেছে, আমি চাই বছরটা একটা আশার আলো ছড়িয়ে দিক। ভয়হীন একটা সুস্থ এবং সুন্দর পৃথিবী চাই যেখানে মানুষ তার আগের স্বপ্নে ফিরে যেতে পারবে। এতে থাকবে না কোনো আতঙ্কের ছাপ। ২০২১ সালটা যেন মানুষের নতুন করে স্বপ্ন দেখা এবং বাঁচতে পারার সুন্দর একটি বছর হয়।
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।
