রাজশাহীর পুঠিয়ায় ঘুমন্ত স্ত্রী ও ৫ মাসের শিশু কন্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী ফিরোজ হোসেন (৩৫)।
এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ঘাতক স্বামীকে ঢাকা থেকে আটক করতে সক্ষম হয়েছে।
সোমবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গোপালহাটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, ফিরোজের স্ত্রী পলি খাতুন (২৫) ও টুকটুকি (৫ মাস)। আটক ফিরোজ হোসেন ওই গ্রামের হাসিব আলীর ছেলে।
প্রতিবেশী ফারুক হোসেন বলেন, কিছুদিন আগে বাসের সুপারভাইজার হিসেবে কাজ করার সময় একটি দুর্ঘটনায় ফিরোজের একটি পা কাটা পড়ে। এরপর সে সুস্থ হয়ে চার্জার অটোভ্যান চালাতো। এক পর্যায়ে সে মাদকাসক্ত হয়ে পড়ে। এরপর থেকে সে ঐ গাড়ি বিক্রি করে মাদক সেবন করে। স্ত্রী প্রতিবাদ জানালে দাম্পত্য কলহ শুরু হয়। এ নিয়ে সোমবার রাতে ফিরোজ তার স্ত্রী ও শিশুকন্যাকে বালিশ চাপায় হত্যা করে ঢাকায় পালিয়ে যাচ্ছিল। খবর পেয়ে থানা পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
আরো পড়ুনঃ ৩০ ধরনের করোনার সন্ধান পেয়েছেন শাবিপ্রবির গবেষকরা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হোন। এরপর নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পাশাপাশি ঘটনার পর ওই রাতেই ঘাতক স্বামী ফিরোজ ঢাকায় পালিয়ে যায়। আমরা প্রযুক্তির মাধ্যমে তাকে ঢাকা থেকে আটক করেছি। তবে এখনো থানায় কোনো মামলা হয়নি। ভুক্তভোগী পরিবারের লোকজন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি নিহতদের শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। তবে লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে সঠিক তথ্য পাওয়া যাবে।
ইত্তেফাক/এমএএম
