সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ পাঁচ জনের মৃত্যু

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২১:৩১

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বলিদ্বাড়া-হরিপুর মহাসড়কে নসিমনের সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মুক্তিযোদ্ধা ইসাহাক আলী (৬৫) উপজেলার বলিদাড়া গ্রামের বাসিন্দা ও ৮ নম্বর নন্দুয়ার ইউপির সাবেক চেয়ারম্যান।

ভাঙ্গুড়া (পাবনা) : ভাঙ্গুড়া-চাটমোহর সড়কে মঙ্গলবার বিকালে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলের এক জন পিওন নিহত হয়েছেন। শহিদুল ইসলাম ভাঙ্গুড়া উপজেলার কলকতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী পদে কর্মরত ছিলেন। ভাঙ্গুড়া থেকে মোটরসাইকেলে তারা চাটমোহর যাবার পথে গুণাইগাছা প্রাথমিক বিদ্যালয় মোড়ে ইট পরিবহনকারী একটি ট্রলির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে শহিদুলের মৃত্যু হয়। চাটমোহর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ট্রলির চালক পালিয়ে গেছে।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : শায়েস্তাগঞ্জে মঙ্গলবার দুপুরে মাইক্রোবাসচাপায় মোটরসাইকেল আরোহী ফরিদ মিয়া মারা গেছেন। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের ডাকিজাঙ্গাল গ্রামের হাজী লাল মিয়ার ছেলে। ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কের মোড়ে ঘটনাটি ঘটে।

লোহাগড়া (নড়াইল): লোহাগড়ায় ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে রাজু (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রাজু উপজেলার শালনগর ইউপির পার-শালনগর গ্রামের রাকিব মিয়ার ছেলে। সে স্থানীয় মণ্ডলভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ত। সোমবার বিকালে বাড়ির পাশের রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের চাকার নিচে পড়ে।

পাঁচবিবি (জয়পুরহাট) : পাঁচবিবিতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক আশিব হোসেন মারা গেছেন। সোমবার বিকালে উপজেলার শিমুলতলী এলাকার জিয়ার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিব হোসেন বগুড়া শহরের মৃত গোলাম রব্বানীর ছেলে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।