ছুরিকাঘাতে নৈশপ্রহরী আহত
স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার গাবতলী উপজেলার রূপালী ব্যাংক সাবেকপাড়া শাখায় মঙ্গলবার ভোরে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় একজন নৈশপ্রহরীকে ছুরিকাঘাত করে ডাকাতরা। তবে ডাকাতি করতে ব্যর্থ হওয়ায় কোনো কিছু খোয়া যায়নি বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন। ব্যাংকের ঐ শাখার ব্যবস্থাপক মোতাহার হোসেন জানান, ব্যাংকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ডাকাতদের গতিবিধি ক্যামেরায় দেখা যাচ্ছে। ব্যাংক থেকে নগদ টাকা কিংবা কোনো মালামাল নিতে পারেনি তারা। জেলার গাবতলী-সারিয়াকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত দুর্বৃত্তদের গ্রেফতার করা হবে।
