সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২১:৩৩

বকশীগঞ্জে দুটি মর্টার শেল নিষ্ক্রিয়করণ

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

বকশীগঞ্জ থানার পুলিশের নেতৃত্বে বিশেষজ্ঞ টিম দুটি মর্টার শেল উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে। গতকাল মঙ্গলবার বিকালে বকশীগঞ্জ থানার সামনে মর্টার শেল দুটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। পুলিশের ডিএমপির ইন্সপেক্টর আজিজুল হক ও বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে বিশেষজ্ঞ দল মর্টার শেলগুলো নিষ্ক্রিয় করেন। জামালপুরের বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট জানান, ৯ মাস আগে বকশীগঞ্জ থানার সূর্য্যনগর গ্রামে মাটির নিচ থেকে মর্টার শেল দুটি উদ্ধার করা হয়। এরপর বকশীগঞ্জ থানার সংরক্ষণাগারে রাখা হয়। ৯ মাস পর বিশেজ্ঞ টিমের উপস্থিতিতে গতকাল মঙ্গলবার বিকালে বিস্ফোরণ ঘটিয়ে মর্টার শেল দুটি নিষ্ক্রিয় করা হয়।

করোনা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মশালা

নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে মঙ্গলবার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম।

খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা গলাচিপায় মঙ্গলবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনয়াতনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ্।

তিন দিনব্যাপী জাতীয় মুন্ডা সম্মেলন সমাপ্ত

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মুন্ডা সম্প্রদায়ের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী  জাতীয় মুন্ডা সম্মেলন। সম্মেলনের শেষ দিন মঙ্গলবার প্রধান অতিথি ছিলেন নওগাঁ পুলিশ সুপার মো. আব্দুল মান্নান মিঞা। জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিন মুন্ডার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও চিত্রনির্মাতা আজাদুল ইসলাম আজাদ এবং অধ্যক্ষ আরিফুর রহমান। গত রবিবার পত্নীতলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে সম্মেলন উদ্বোধন করা হয়।

দরিদ্র মেয়েদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সোমবার ভাঙ্গুড়ায় দরিদ্র ও মেধাবী মেয়েদের মধ্যে ২৩টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পাবনা-৩ এলাকার সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. মকবুল হোসেন এসব সেলাই মেশিন বিতরণ করেন।