এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২১:৩৬

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক-কর্মচারীদের নিজ এলাকা, পছন্দনীয় বা সরকারের চাহিদামতো স্থানে বদলির ব্যবস্থা করা অতি জরুরি। যাঁরা নিজ জেলা বা এলাকায় যেতে চান, যাঁরা ম্যানেজিং কমিটির অন্যায় ইচ্ছার শিকার; তাঁদের বদলি অপরিহার্য। প্রাথমিকভাবে বদলি শুধু ঐ শিক্ষকদের হতে পারে, যাঁরা স্বেচ্ছায় বদলি হতে চান। তাছাড়া বদলির ব্যবস্থা থাকলে বিশেষ করে প্রতিষ্ঠানপ্রধান আন্তরিকতা সহকারে তাঁর দায়িত্ব পালন করতে পারেন। বদলির ব্যবস্থা না থাকায় প্রতিষ্ঠানপ্রধানগণ ম্যানেজিং কমিটি, এলাকার প্রভাবশালী ব্যক্তি বা অন্য কারোর কাছে নতজানু হয়ে দায়সারা গোছের কাজ চালিয়ে যাচ্ছেন। তাঁরা মানসম্পন্ন শিক্ষা প্রদানে সাহসিকতা প্রদর্শন করতে পারছেন না। ফলে শিক্ষাব্যবস্থা ও শিক্ষার মান অনেক ক্ষেত্রেই স্থবির হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। আশা করি সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষ সীমিত সময়ের মধ্যে দেশ ও জাতির স্বার্থে এই আবেদনে সাড়া দেবেন এবং বর্তমান শিক্ষাব্যবস্থায় বিদ্যমান একটি বড় প্রতিবন্ধকতা দূর করতে কার্যকর ভূমিকা রাখবেন।

কাজী আশরাফুর রহমান

মিজমিজি বাতান পাড়া,

সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ