ঢাকা ম্যারাথন আগামী রবিবার

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২১:৪০

স্পোর্টস রিপোর্টার

আগামী ১০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। দেশি-বিদেশি ৩৭ ক্রীড়াবিদ অংশ নেবেন। এরই মধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন বিদেশি দৌড়বিদরা। দুই-চার দিনের মধ্যেই বিদেশি সবাই চলে আসবেন। রবিবার অনুষ্ঠেয় ম্যারাথন আয়োজনের সব প্রস্তুতিই চূড়ান্ত, গতকাল বিওএর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ম্যারাথন নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন সেনা সদরের আইটি পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আমিনুল হক।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমেদ খান, এমটি পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মো. শওকত ওসমান, স্পোর্টস ভিশন লিমিটেডের চেয়ারম্যান ক্যাপ্টেন সাইফুর রহমান এবং অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু উপস্থিত ছিলেন। ১০ জানুয়ারি ফুল ও হাফ দুই ক্যাটাগরিতে রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হবে ম্যারাথন।

ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, ইউক্রেন এবং মরক্কো থেকে এলিট রানার এবং মালদ্বীপ, নেপাল, পাকিস্তান থেকে সাফ রানারদের অংশগ্রহণ দেখতে পাবেন বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা।