কেডিএর কর্মকর্তা মুজিবুরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২২:১৯

খুলনা অফিস

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) অথরাইজড কর্মকর্তা মো. মুজিবুর রহমানের  অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতিমধ্যে অভিযোগটি অনুসন্ধানের জন্য ৭৫ কার্যদিবসের মধ্যে রেকর্ডপত্র সরবরাহের তাগিদ দেওয়া হয়েছে।

দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয় সূত্র জানায়, কেডিএর অথরাইজড কর্মকর্তা মো. মুজিবুর রহমানের বিরুদ্ধে কেডিএতে প্ল্যান নিতে আসা লোকজনের সঙ্গে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার ব্যক্তিগত কনসালট্যান্সি ব্যবসা ও একনেকে অনুমোদিত থ্রি-লিঙ্ক রোডের অ্যালাইমেন্ট নিজের জমি ও কন্ট্রাককৃত ব্যক্তিদের জমির ওপর দিয়ে টেনে নেওয়াসহ ইউটিএম মেশিন ও পিকআপ ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এছাড়া তার স্ত্রী মঞ্জিলা খানম, সন্তান আনিন নাওয়ার ও আরিশা নাওয়ারের নামে জমি কেনাবেচা ও প্লট-ফ্ল্যাট গড়ে তুলেছেন তিনি।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা নীল কমল পাল বলেন, ক্ষমতার অপব্যবহার, ঘুষ, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে কেডিএর অথরাইজড অফিসার মো. মুজিবুর রহমান তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ গড়ে তুলেছেন। এমন অভিযোগ দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে দাখিল হয়েছে। অভিযোগ দাখিলের পর সত্যতা অনুসন্ধানে রেকর্ডপত্র সরবারহে চিঠি দেওয়া হয়েছে। ৭৫ কার্যদিবসের মধ্যেই যাবতীয় রেকর্ডপত্র সরবরাহ করতে হবে। অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।