পাকা সড়কের স্বপ্নপূরণ হয়নি তিন দশকেও

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২২:২০

কালীগঞ্জে চলাচলে দুর্ভোগ

আব্দুর রহমান আরমান, কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

গ্রামের নাম দেওয়ালেরটেক। গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অবহেলিত একটি গ্রাম। এ গ্রামের মানুষ স্বপ্ন দেখেন একটি পাকা সড়কের। বর্ষা মৌসুম ছাড়া বছরের অন্যান্য সময় পায়ে হেঁটে চলাচলের জন্য একমাত্র সড়ক এটি। তাও নিতান্তই সরু। তবে বর্ষায় এ কাঁচা সড়কটি পানিতে তলিয়ে যায়। তখন দেওয়ালেরটেক গ্রামে যাতায়াতের একমাত্র বাহন নৌকা। বছরের পর বছর ধরে এ গ্রামের মানুষ এমন ভোগান্তি নিয়েই অবহেলিত জনপদে বসবাস করছেন।

গ্রামটিতে প্রায় সহস্রাধিক লোকের বাস। রয়েছে শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বর্ষা মৌসুমে গ্রাম থেকে বের হতে হলে একমাত্র চলাচলের বাহন নৌকা। সে সময় শিক্ষার্থীরা ঠিকমতো পাঠগ্রহণ করতে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে না। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়াও হয়ে যায় কষ্টসাধ্য ব্যাপার।

কথা হয় গ্রামের বাসিন্দা আলী হোসেন, তছর আলী, ওমর ফারুক ও রজব আলীর সঙ্গে। তারা জানান, এই সড়কটি দিয়ে বাঙ্গাল হাওলা, দেওয়ালেরটেক ও দুর্বাটি গ্রামের মানুষ চলাচল করে। এখানে আছে দেওয়ালেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, আছে দেওয়ালেরটেক জামে মসজিদ। শিক্ষার্থী ছাড়াও নানা বয়সি মানুষ এ সড়কে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহায়। তবে ৩০ বছর একটি সড়কের জন্য তারা প্রতীক্ষায় আছে।

ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন ও মহিলা কাউন্সিলর আমিরুন্নেসা বলেন, একটি সড়কের অভাবে দেওয়ালেরটেকবাসী খুবই অসুবিধার মধ্যে রয়েছে। কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, দুবার্টি থেকে মুনশুরপুর বাইপাস অভিমুখী সড়কের দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। গাজীপুর জেলা পরিষদ ও পৌরসভা মিলে এরই মধ্যে ঐ সড়কের প্রায় এক কিলোমিটারের কাজ সম্পন্ন হয়েছে। নতুন তহবিল পাওয়ার পর বাকি কাজ সম্পন্ন হবে।