ইত্তেফাক রিপোর্ট
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, যারা বিভিন্ন জায়গায় অবৈধভাবে দখল করে আছেন তাদের জন্য আমার মেসেজ হচ্ছে, আপনারা নিজ উদ্যোগে সরে যান। অন্যথায় সব উচ্ছেদ করা হবে। রাজউকের নকশার বাইরে কোনো প্রকার দখল টিকিয়ে রাখা হবে না। গতকাল ভাষানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত রাস্তার দুই পাশে রাজউক পরিচালিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এসময় সড়কের দুই পাশের অবৈধ স্থাপনার পাশাপাশি পকেট গেটের মুখে দোতলা ভবনটি ভেঙে দেওয়া হয়।
দখলদারদের হুঁশিয়ার করে মেয়র আরো বলেন, খালের দুই পাড় থেকে যেভাবে অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে একইভাবে রাজউকের নকশার বাইরে যারা ভবন তৈরি করেছেন, সেগুলোকেও উচ্ছেদ করা হবে। জনগণকে ভোগান্তিতে ফেললে, তা কোনোভাবে বরদাস্ত করা হবে না।
পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম সাইদুর রহমান, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালেক মোল্লাহ, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মতিউর রহমান উপস্থিত ছিলেন।
