স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের মানুষ বেদনার্ত হূদয়ে বিদায় দিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনকে। সোমবার শেষ অফিস করে তিনি নারায়ণগঞ্জ থেকে বিদায় নেন। একই সময়ে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ বিপ্লব দায়িত্ব গ্রহণ করেন। তিনি মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, শ্রীপুর বাহিনীর উপঅধিনায়ক মোল্লা নবুয়ত আলীর বড় ছেলে। নবাগত জেলা প্রশাসক বলেন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিকসহ সবাইকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জকে তিনি এগিয়ে নিতে চান। প্রধানমন্ত্রীর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্নে নারায়ণগঞ্জ যাতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে সেভাবেই কাজ করতে চান। বিদায়ী জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন দায়িত্ব পালনকালে সবার সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।
