জরিমানা ছাড়া যানবাহনের কাগজপত্র নবায়নের সময় বাড়ল

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২২:২৬

সড়ক পরিবহন আইনের কিছু ধারা পরিবর্তনের

দাবি ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির

বিশেষ প্রতিনিধি

আবারও জরিমানা ব্যতীত মূল কর বা ফি জমা দিয়ে যানবাহনের কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সময় চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে গত ৩১ ডিসেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এবার নিয়ে তৃতীয় দফায় সময় বাড়ানো হলো। নতুন সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। পাশাপাশি পরিবহন আইন-২০১৮-এর কতিপয় ধারা পরিবর্তনের দাবি জানান নেতারা। তিনি বলেন, এসব ধারা পরিবর্তন না করা হলে পরিবহন মালিক ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে। আগামী ১৮ জানুয়ারি জাতীয় সংসদ অবিধবেশনে এসব ধারা সংশোধনের আহ্বান জানান নেতারা। গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁও সাত রাস্তা এলাকায় বাংলাদেশ মিনি ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. রুস্তম আলী খান এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা সিটি করপোরেশন (উত্তর) ২৪ নম্বর ওয়ার্ডের কমিশনার আলহাজ শাফিউল্ল্যা শফি। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মজুমদার, যুগ্মসম্পাদক হোসেন আহমেদ মজুমদার, বাংলাদেশ ট্রাক ড্রাইভারস ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনির প্রমুখ। উল্লেখ্য সম্প্রতি বাংলাদেশ মিনি ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সরাসরি ভোটে রফিকুল ইসলাম সভাপতি ও আমির হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।