জাতীয় সাইবার ড্রিল প্রতিযোগিতার পুরস্কার পেল সিলিকনবিটস

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২২:২৬

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সিদ্ধিরগঞ্জের আরমান হোসেন অন্তু সিলিকনসবিটস গ্রুপ জাতীয় সাইবার ড্রিল-২০২০ প্রতিযোগিতার পুরস্কার গ্রহণ করেছেন। গতকাল আগারগাঁওয়ে আইসিটি ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন সিলিকনসবিটস গ্রুপের সদস্যরা। জানা যায়, প্রতিযোগিতায় ৩৭১৭ স্কোর করে প্রথম স্থান অধিকার করেছে সিলিকনসবিটস গ্রুপ। সিলিকনবিটসের পাঁচ সদস্য অনিমেষ দুর্জয়, হোসেন অন্তু, রবিন ইরফান, আশরাফুল হক সিডনি ও আমির হামজা। প্রথমবারের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জাতীয় সাইবার ড্রিল-২০২০ আয়োজন করে। সরকারি ও বেসরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, বিশ্ববিদ্যালয়, বেসরকারি প্রতিষ্ঠান থেকে ও স্বতন্ত্রভাবে ২৩৩টি দলে ১ হাজার ৬ জন এতে অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম হয় সিলিকনসবিটস, দ্বিতীয় দ্য ইনফিনিটি বাইটস এবং তৃতীয় হেইমডাল।