রাজশাহীর পুঠিয়ায় ঘুমন্ত স্ত্রী ও পাঁচ মাসের শিশুকন্যাকে বালিশচাপায় শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ফিরোজ হোসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার এবং ঘাতক ফিরোজকে ঢাকা থেকে আটক করতে সক্ষম হয়। নিহতরা হচ্ছে ফিরোজের স্ত্রী পলি খাতুন (২৫) ও মেয়ে টুকটুকি (৫ মাস)। ফিরোজ হোসেন উপজেলার গোপালহাটি গ্রামের হাসিব আলীর ছেলে।
প্রতিবেশী ফারুক হোসেন বলেন, কিছু দিন আগে বাসের সুপারভাইজার হিসেবে কাজ করার সময় এক দুর্ঘটনায় ফিরোজের একটি পা কাটা পড়ে। এরপর সে সুস্থ হয়ে চার্জার অটোভ্যান চালাত। এক পর্যায়ে সে মাদকাসক্ত হয়ে পড়ে। এরপর ঐ গাড়ি বিক্রি করে মাদক সেবন করলে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয়। এ নিয়ে সোমবার রাতে ফিরোজ তার স্ত্রী ও শিশুকন্যাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে ঢাকায় পালিয়ে যায়। পরে পুলিশ তাকে আটক করে।
পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়। পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে আসামিকে ঢাকা থেকে আটক করা হয়। তবে থানায় এখনো কোনো মামলা হয়নি।
