বগুড়ার শেরপুরে ব্যবসায়ীকে নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২২:৩৮

বগুড়ার শেরপুরে ফরিদ উদ্দিন (৪৩) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যারাত সোয়া ৭টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামস্থ নিজ বাড়ির সামনে কুপিয়ে তাকে হত্যা করা হয়। তিনি ঐ গ্রামের কোরবান আলীর ছেলে। তার ছোনকাবাজারে রড-সিমেন্টের ব্যবসা রয়েছে। ব্যবসায়ী ফরিদ উদ্দীনকে কে বা কারা কী কারণে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো ছোনকাবাজারস্থ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। একপর্যায়ে নিজ বাড়ির সামনে পৌঁছামাত্র দৃর্বৃত্তরা তার ওপর হামলে পড়ে। এমনকি ধারালো অস্ত্র দিয়ে ফরিদ উদ্দীনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করে চলে যায়।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহত এই ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পুলিশ কাজ করছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওসি শহিদুল ইসলাম।