জেলার ইসলামপুরে গাছের ডাল কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রুবেল নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রুবেল ইসলাম উপজেলার চরগোয়ালিনি ইউনিয়নের ডিগ্রীরচর হরিণধরা পয়েস্তি গ্রামের আমিন মোল্লার ছেলে। রুবেল ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গত সোমবার দিবাগত রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এমদাদ ও বাবলা নামের দুই জনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানান, গাছের ডাল কাটা নিয়ে নুর ইসলাম মণ্ডলের পরিবারের সঙ্গে রুবেলের প্রথমে বাগিবতণ্ডা হয়। পরে রুবেলকে ব্যাপক মারধর করে মারাত্মক আহত করে। এ সময় রুবেলের মা ময়ফল বেগম ও বড় ভাই সোহলও গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে প্রথমে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিলে কর্মরত চিকিত্সকরা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন। সেখানে রাতে রুবেলের মৃত্যু হয়। অন্য আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এ ঘটনায় পুলিশ নুর ইসলাম মণ্ডলের দুই ছেলে এমদাদ ও বাবলাকে আটক করেছে।
