সরাইলে যুবলীগ নেতাকে অপহরণ করে হাত পায়ের রগ কর্তন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২২:৪৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনার জের ধরে যুবলীগ নেতা শামীমকে (৩০) অপহরণ করে তার হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সোহাগের বিরুদ্ধে। গত সোমবার রাতে উপজেলার শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। অপহরণের দুই ঘণ্টা পর সোহাগের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় শামীমকে উদ্ধার করে স্থানীয়রা। আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল নিয়ে আসলে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় প্রেরণের পরামর্শ দিলে তাকে ব্রাহ্মণবাড়িয়ার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়।

আহত শামীম শাহবাজপুর ইউনিয়নের আতকা বাজারের রবি মিয়ার ছেলে। সে শাহবাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। অপহরণকারী সোহাগ একই এলাকার আরমান মিয়ার ছেলে।

এদিকে শামীমকে অপহরণ করে তার হাত-পায়ের রড কর্তনের ঘটনার প্রতিবাদে ও অপহরণকারীদেরকে দ্রুত গ্রেফতারের দাবিতে গতকাল মঙ্গলবার শাহবাজপুর বাজার এলাকায় মানববন্ধন করেছে দলীয় ও স্থানীয় লোকজন।

পুলিশ ও আহত শামীমের পরিবারের লোকজন জানান, গত রবিবার রাতে শাহবাজপুর বাঘা চান মিয়ার বাজারে অনুষ্ঠিত মেলায় নাগরদোলায় উঠা নিয়ে শামীমের সঙ্গে সোহাগের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশের উপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তি হয়। গত সোমবার সন্ধ্যায় উপজেলার কালীকচ্ছ বাজারের একটি ‘স’ মিলে কাজ শেষে বাড়িতে ফেরার পথে কুট্টাপাড়ার মোড় থেকে সোহাগের নেতৃত্বে তার ১০-১২ জন শামীমকে অপহরণ করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে রাতে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. তাজুল ইসলামকে নিয়ে শামীমের পরিবারের লোকজন সোহাগের বাড়ি থেকে হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় শামীমকে উদ্ধার করে।  শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলাম কালন বলেন, এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।