বিড়িতে বৈষম্যমূলক শুল্ক প্রত্যাহারসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছে জেলা বিড়ি শ্রমিক ও কর্মচারী ঐক্য ইউনিয়ন। সোমবার বগুড়া রাজস্ব কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এম কে বাঙ্গালী, কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আমিন উদ্দীন বিএসসি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক হেরিক হোসেন, প্রচার সম্পাদক শামীম ইসলাম, বগুড়া জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুস সালাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বিড়ির ওপর অতিরিক্ত চার টাকা মূল্যস্তর প্রত্যাহার, বিড়িতে অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, সিগারেটের ন্যায় বিড়িতেও তিনটি মূল্যস্তরকরণ, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জাল ব্যান্ডরোলযুক্ত বিড়ি ও ব্যান্ডরোলবিহীন বিড়ির ব্যবসা বন্ধ, ভারতের ন্যায় বিড়ি শিল্পকে সুরক্ষা আইন বাস্তবায়নসহ সাত দফা দাবি তুলে ধরেন।
