কল্যাণপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ০০:২৪

রাজধানীর টেকনিক্যাল মোড়ে সড়ক দুর্ঘটনায় আয়েশা আক্তার আশা নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত আয়েশা আগে ইডেন কলেজে পড়তেন। তবে, বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

দারুসসালাম থানার এসআই মো. সোহান আহমেদ জানান, সোমবার রাত ১টা থেকে ২টার মধ্যে মিরপুর টেকনিক্যাল মোড়ে কোনো যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আয়শা। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি বলেন, প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, আশা মোটরসাইকেলের আরোহী ছিলেন। একটি ট্রাক চলন্ত মোটরবাইকটিকে পেছন থেকে ধাক্কা দিলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই আয়েশার মৃত্যু হয়। তবে বাইকের চালক সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

এসআই সোহান আরো বলেন, মৃত আয়শার বাবার নাম আবুল কালাম। আয়েশা তার বাবা-মায়ের সঙ্গে রূপনগর ২০ নম্বর রোডের ৩৭ নম্বর বাসায় থাকতেন। রাতে তিনি কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি। কোন যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা শনাক্ত করার চেষ্টা চলছে।