যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। সোমবার রাতে যাত্রাবাড়ী থানার দনিয়া কলেজ গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। যাত্রাবাড়ী থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, এক মাদক ব্যবসায়ী গাঁজাসহ দনিয়া কলেজের সামনে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আট কেজি গাঁজাসহ জাহাঙ্গীরকে আটক করা হয়। ওসি আরো জানান, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
