র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানিয়েছেন, বর্তমানে সশস্ত্র বাহিনীর সদস্যরাও মাদক অভিযানে গিয়ে হামলার শিকার হচ্ছেন। মাদকবিরোধী অভিযান যে কোনো সময় বড় ধরনের সহিংসতায় রূপ নিতে পারে। গতকাল মঙ্গলবার র্যাব সদর দপ্তরে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ‘র্যাব সেবা সপ্তাহে রক্তদান’ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
র্যাব কর্মকর্তা বলেন, গত সোমবার ময়মনসিংহে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। একজন র্যাব সদস্য মাদকবিরোধী অভিযানে গেলে সেখানে তাদের হাতে গুরুতর আহত হন। মাদক কারবারিরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ওই র?্যাব সদস্য এখন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। মাদক পরিস্থিতি এখন ভয়াবহ রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে যে কোনো মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। তারই একটি নজির ময়মনসিংহের এই ঘটনা।
নতুন বছরে র্যাবের কর্মপরিকল্পনা প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, ‘সুনির্দিষ্ট তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে র্যাবের জন্ম হয়। তিনটি ম্যান্ডেটের মধ্যে রয়েছে জঙ্গিবাদ দমন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার। প্রতিষ্ঠার ১৪ বছর ধরেই এই অগ্রযাত্রায় সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে র্যাব। চলতি বছরে র্যাবের লক্ষ্য হবে এই তিন বিষয়ে যেন জনগণের আস্থা ধরে রাখতে পারি।’
