রাজধানীর উত্তর কমলাপুরের সিটি স্পেস ইন্টারন্যাশনাল নামে একটি আবাসিক হোটেল থেকে মেহনাজ জেরিন নিপা নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রবিবার স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে এক তরুণের সঙ্গে ঐ হোটেলের ২১০ নম্বর কক্ষে উঠেছিলেন তিনি। লাশ উদ্ধারের সময়ে স্ব্বামী পরিচয় দেয়া ঐ তরুণকে খুঁজে পায়নি পুলিশ।
মতিঝিল থানার এসআই দেলোয়ার হোসেন জানান, হোটেলের দ্বিতীয় তলার ২১০ নম্বর কক্ষে ফ্যানের সঙ্গে চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিপার মরদেহ পাওয়া যায়। ওই সময়ে ভেতর থেকে কক্ষের দরজাটি বন্ধ থাকায় তা ভেঙে লাশ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে হোটেল কর্মীরা কক্ষ পরিষ্কার করতে গিয়ে দরজাটি বন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়।
পুুলিশের এই কর্মকর্তা বলেন, হোটেলে থাকা তথ্যানুযায়ি রবিবার স্ব্বামী-স্ত্রী পরিচয়ে নিপা ও এক তরুণ কক্ষটি ভাড়া নেন। এরপর স্ব্বামী পরিচয় দেয়া ব্যক্তি অসুস্থতার জন্য একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। দুইদিন ধরে ঐ তরুণী একাই হোটেলে অবস্থান করছিলেন। কক্ষ থেকে চিকিত্সা সংক্রান্ত কিছু কাগজপত্র পাওয়া গেছে। তা যাচাই করে তরুণীর পরিচয় শনাক্ত করা হয়। তার বাড়ি কুমিলার ব্রাহ্মণপাড়া উপজেলার বড় দশিয়া গ্রামে।
