ডোপ টেস্টে পজিটিভ

ঢাবির মেধাবী ছাত্র পুলিশের এসআই ক্লোজড

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ০০:৩৭

ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমান পাওয়ায় রাজধানীর পল্লবী থানার এসআই আরিফ হোসেন মল্লিককে ক্লোজড করা হয়েছে। এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী।

সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত পুলিশ সদস্যদের ডোপ  টেস্ট করা হয়েছে। ৫ মাসে আগের ডিএমপি’র সদর দপ্তরের তালিকা অনুযায়ি আরিফের বিরুদ্ধে হেরোইন সেবনের প্রমাণ পাওয়া গেছে। এক সপ্তাহ আগে তাকে রাজারবাগ পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

একাধিক সূত্র জানায়, পল্লবী এলাকার বিহারী-অবাঙ্গালি ক্যাম্পগুলো মুলত মাদকের আখড়া। এ সুবাধে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ সখ্যতা গড়ে উঠে আরিফের। এক পর্যায়ে আরিফ নিজেই মাদকাসক্ত হয়ে পড়েন। হেরোইনে আসক্ত আরিফ হোসেন মল্লিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একজন মেধাবী ছাত্র। তিনি ইতিহাস বিভাগে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন।

পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী গতকাল রাতে বলেন, ৫/৬ মাস আগের ডোপ টেস্টে আরিফের পজিটিভ আসে। এরপর গত সপ্তাহে তাকে রাজারবাগ পুলিশ লাইন্সে তাকে ক্লোজড করা হয়।