যুক্তরাজ্যে তৃতীয় লকডাউন কার্যকর

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১১:২১

মরণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে যুক্তরাজ্যে তৃতীয়বারের মতো লকডাউন কার্যকর করা হয়েছে। নতুন এই লকডাউনের আওতায় সবাইকে ঘরে অবস্থান করার নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। সেইসঙ্গে বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। গত সোমবার (৪ জানুয়ারি) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ লকডাউনের ঘোষণা দেন। আজ বুধবার (৬ জানুয়ারি) তা কার্যকর হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বরাতে জানা যায়, যুক্তরাজ্যে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। একদিনে সর্বোচ্চ ৬০ হাজার রোগী শনাক্ত হওয়ার পরেই পুনরায় লকডাউন কার্যকর সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।

দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত লন্ডনের আবাসিক এলাকাগুলোতে প্রতি ৩০ জনের ১ জন করোনায় আক্রান্ত।

পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় তৃতীয়বারের মতো লকডাউন দেয়ার সিদ্ধান্ত নেন বরিস। এক বিবৃতিতে বলেন, করোনার নতুন স্ট্রেনকে আয়ত্তে আনতে ফের নতুন কিছু ব্যবস্থা নিতে হবে। তাই সরকার আরও একবার সবাইকে ঘরবন্দি থাকার নির্দেশ দিচ্ছে। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই লকডাউন জারি থাকবে বলে জানানো হয়।

ইত্তেফাক/টিআর