করোনার কারণে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে ভার্চুয়াল। ৮ জানুয়ারি নবান্ন সভাঘর থেকে ২৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অনুষ্ঠানে ভার্চুয়ালি হলেও সেখানে উপস্থিত থাকবেন বলিউট সুপাস্টার শাহরুখ খান। টুইট করে এ তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই।
বুধবার টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘একসঙ্গে আমরা এই মহামারিটি কাটিয়ে উঠবো। কিন্তু শো চালিয়ে যেতে হবে। আমরা এবার ছোটকরে হলেও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান করবো। তবে সেটা হবে ভার্চুয়াল। আমি গর্বিত ৮ জানুয়ারি বিকেল ৪ টা আমার ভাই শাহরুখ এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে চোখ রাখুন।’ নিজের টুইটটি কিং খানকে ট্যাগও করেন মুখ্যমন্ত্রী।
Together we will overcome this pandemic. But the show must go on. We are going ahead with #KIFF 2021 virtually, on a smaller scale. Glad that my brother @iamsrk will join us virtually at the inaugural event on Jan 8, 4pm. Watch Kolkata International Film Festival live
— Mamata Banerjee (@MamataOfficial) January 6, 2021
জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে রাজ চক্রবর্তী, পাওলি দাম, গৌতশ ঘোষ উপস্থিত থাকবেন। এছাড়া চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত তিন সাংসদ– দেব, মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান উপস্থিত থাকবেন ওই অনুষ্ঠানে।
কলকাতা শহরজুড়ে পঞ্চাশটি এলইডি স্ক্রিনে ওই ভার্চুয়াল উদ্বোধন দেখতে পাবেন সিনেপ্রেমীরা। বিকেল পাঁচটায় উদ্বোধনী ছবি ‘অপুর সংসার’ দেখা যাবে রবীন্দ্রসদনে।
ইত্তেফাক/বিএএফ
