বিনোদন রিপোর্ট
অভিনেতা, নির্মাতা ও প্রযোজক, তিন পরিচয়ই যুক্ত রয়েছেন মনোয়ার হোসেন ডিপজলের নামের সঙ্গে। তবে দীর্ঘদিন শারীরিক অসুস্থার কারণে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন এই জনপ্রিয় অভিনেতা। তবে এবার সেই বিরতীর পালা শেষ হতে যাচ্ছে। শিগগিরই তার পূর্ব ঘোষিত ৭ সিনেমা নিয়ে ফিরছেন তিনি।
জানা গেছে, ৭টি সিনেমা নির্মাণের প্রস্ততি রয়েছে ডিপজলের। সবগুলো সিনেমা তিনি নিজেই পরিচালনা করবেন। ইন্ডাস্ট্রিতে নতুন নায়ক-নায়িকা তৈরির লক্ষ্যে নতুনদের নিয়ে এই কাজগুলো করবেন তিনি। আগামী ১৫ জানুয়ারি থেকে ‘মানুষ কেন অমানুষ’ নামের একটি সিনেমা পরিচালনা শুরু করবেন ডিপজল। সাভারে অবস্থিত তার নিজের শুটিং হাউজে সিনেমাটির শুটিং শুরু হবে। নতুন করে ফেরা প্রসঙ্গে ডিপজল বলেন, ‘আমার ছবির প্রতি দর্শকের বাড়তি আগ্রহ সবসময়ই রয়েছে। এখনো টেলিভিশনে আমার অভিনীত ছবি প্রচার হলে দর্শকরা অত্যন্ত আগ্রহ নিয়ে দেখেন। দর্শকের এই আগ্রহ আমাকে অনুপ্রাণিত করে। তাই তাদের নতুন কিছু উপহার দিতে চাই।’
দেশের চলচ্চিত্র এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। একে একে হল বন্ধ, মানহীন সিনেমার কারণে দর্শকদের মুখ ফিরিয়ে নেওয়াকে দায়ী করছেন অনেকে। এ নিয়ে ডিপজল বলেন, ‘ভালো গল্পের সিনেমা দর্শকরা দেখেন। সিনেমার এই দূরাবস্থার মধ্যে যদি দর্শকের মনের মতো গল্পের সিনেমা উপহার দেওয়া যায়, তবে তারা দেখবেন। তাই দর্শকের মনের মতো করেই ছবি নির্মাণ করছি।’
