ইরানের হাতে ট্যাংকার আটকের প্রতিক্রিয়া
বিবিসি ও রয়টার্স
ইরানের রেভল্যুশনারি গার্ড দক্ষিণ কোরীয় ট্যাংকার আটক করার পর হরমুজ প্রণালিতে রণতরি পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। পাশাপাশি ট্যাংকারটি ছাড়িয়ে আনতে চলছে কূটনৈতিক প্রচেষ্টাও। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা ইরানে খুব শিগিগরই আলোচনার জন্য একটি প্রতিনিধিদল পাঠাবে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগও করেছেন বলে জানিয়েছেন।
ইরানের অভিযোগ, দক্ষিণ কোরিয়ার ট্যাংকারটি পরিবেশ দূষণ বিধি লঙ্ঘন করেছে। তবে দক্ষিণ কোরিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে ইরানের তহবিল জব্দ থাকা নিয়ে তেহরান ও সিউলের চলমান উত্তেজনার মধ্যে সোমবার হরমুজ প্রণালিতে ট্যাংকার আটকের খবর জানানো হয় ইরানি সংবাদমাধ্যমগুলোতে। ‘এমটি হানকুক চেমি’ ট্যাংকারটিকে এর ২০ ক্রুসহ আটক করে ইরানের রেভল্যুশনারি গার্ডের নৌবাহিনী।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে হরমুজ প্রণালির কাছে একটি ডেস্ট্রয়ার পাঠানো হয়েছে। তাতে আছে জলদস্যুতাবিরোধী একটি ইউনিট। দক্ষিণ কোরিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এটি পাঠানো হয়েছে। এডেন উপসাগর এবং হরমুজ প্রণালিতে জলদস্যুর হামলা মোকাবিলায় এই রণতরি গত বছর থেকেই সোমালিয়া উপকূলে রয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা।
