এএফপি
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নতুন বছরে তার প্রথম ভাষণে বলেছেন, তিনি দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের ধীর গতি দেখে হতাশ হয়েছেন। দেশটিতে টিকাদান কর্মসূচির তিন সপ্তাহ চলছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কানাডা সরকার টিকাদান কর্মসূচির আওতায় এ পর্যন্ত দেশটির বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে ফাইজার-বায়োএনটেক ও মডার্না টিকার ৪ লাখ ২৪ হাজার ৫০০ ডোজ বিতরণ করেছে। কানাডায় এখন পর্যন্ত কেবল এই একটি ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, কানাডায় এখন পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে। ট্রুডো এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি আমিসহ কানাডার সব নাগরিক ভ্যাকসিনগুলো মজুত এবং মানুষের হাতে না পৌঁছানোর বিষয় দেখে হতাশ হয়েছেন।’ তিনি বলেন, টিকা নিতে চাওয়া কানাডার প্রত্যেক নাগরিককে আগামী সেপ্টেম্বর নাগাদ ভ্যাকসিন দেওয়ার চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কানাডার জনগণের কাছে এসব ভ্যাকসিন পৌঁছে দিতে কীভাবে ফেডারেল সরকার সাহায্য ও সহযোগিতা করতে পারে, সে ব্যাপারে আলোচনা করতে ট্রুডোর বৃহস্পতিবার প্রাদেশিক ও আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাত্ করার কথা রয়েছে। কানাডা তাদের ৩ কোটি ৮০ জনসংখ্যার জন্য সাতটি ওষুধ কোম্পানির কাছ থেকে ৪০ কোটিরও বেশি ডোজ ভ্যাকসিনের অর্ডার দিয়েছে। বড়দিনের ছুটি থেকে কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে। মঙ্গলবার দেশটিতে ৫ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
