অ জে য় চৌ ধু রী
গল্পপ্রধান সিনেমার চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে ভীষণ আগ্রহী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত অভিনেত্রী জাকিয়া বারী মম। তার এই আগ্রহের কথা জানতেন বিধায় তৌকীর আহমেদ তাকে নিয়ে দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর নির্মাণ করছেন ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি। এতে মম অভিনয় করছেন আইরিন চরিত্রে। এই সিনেমার শুটিংয়ের কাজ শুরু করেন মম গত ১১ ডিসেম্বর থেকে। টানা এক সপ্তাহ এই সিনেমার কাজ শেষে মম বিরতি নিয়েছিলেন। কারণ ২০ ডিসেম্বর ছিল তার জন্মদিন। করোনার সময়ে নিজের মতো করে এবার ঘরোয়া আয়োজনের মধ্যদিয়েই জন্মদিন উদযাপন করেন মম। ইচ্ছে থাকলেও কোনো চ্যানেলে সরাসরি অনুষ্ঠানেও অংশগ্রহণ করেননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়েছেন মম। জন্মদিনের পর তিনি তপু খানের আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক সময়ের গল্প’র (পর্ব নাম— ভুল পথ, রচনা রাহুল রাজু) একটি পর্বের শুটিংয়ে অংশ নেন।
আর এর পরপরই তিনি আবারো চলে যান গাজীপুরে নক্ষত্রবাড়ি রিসোর্টে। সেখানে তিনি এখন ব্যস্ত ‘স্ফুলিঙ্গ’ সিনেমার কাজ নিয়ে। দিনব্যাপী নক্ষত্রবাড়ি এবং রাতে রাজধানীর সালনাতে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘স্ফুলিঙ্গ’র দৃশ্য ধারণে অংশ নেন মম। সেখানে ২ জানুয়ারি পর্যন্ত ‘স্ফুলিঙ্গ’র কাজেই ব্যস্ত থাকেন মম।
জাকিয়া বারী মম বলেন, ‘এবারের জন্মদিন করোনার মধ্যেও আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই কেটেছে। অনেক অনেক মানুষের শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়েছি। অনেকের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। প্রিয় মানুষেরা ফোন করেছেন, খোঁজ নিয়েছেন। অনেক ভালো লেগেছে। দীর্ঘ ১৩ বছর পরও তৌকীর ভাইয়ের নির্দেশনায় কাজ করতে গিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভয় পাচ্ছি। এটা বলতেই হয় যে তৌকীর ভাই নিঃসন্দেহে এই সময়ের অন্যতম মেধাবী একজন পরিচালক। বাংলাদেশের সিনেমাকে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন তিনি। স্ফুলিঙ্গতে আইরিন চরিত্রটি আমার মনে গেঁথে আছে। গল্পটার জার্নির মধ্যদিয়ে আইরিনকে যথাযথভাবেই তুলে ধরার প্রাণপণ চেষ্টা করছি।’
তবে গুণী এই অভিনেত্রীর মন খারাপের মধ্যে থেকেই অভিনয় করতে হচ্ছে বলে জানান। কারণ করোনাসহ আরো নানান অসুখের কারণে আমাদের সংস্কৃতি অঙ্গনের অনেকেই একে একে চলে যাচ্ছেন। এর মধ্যে সম্প্রতি প্রয়াত হয়েছেন অভিনেতা সেলিম, নির্মাতা মান্নান হীরা। গত ২৬ ডিসেম্বর প্রয়াত হয়েছেন ‘বদি’খ্যাত অভিনেতা আব্দুল কাদের। এই শোক কাটিয়ে উঠে অভিনয় করাটা একজন শিল্পীর জন্য অনেক কষ্টের। মম’রও একই শোক কাটিয়ে উঠে অভিনয় করাটা কঠিনই হচ্ছে।
