ধারাবাহিকের নন্দিত নির্মাতা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২০:০২

নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে মানসম্পন্ন কিছু কাজই যথেষ্ট। নিজের প্রতিভার বিকাশ ঘটিয়ে তারই প্রমাণ দিয়েছেন নাট্যকার ও পরিচালক সঞ্জিত সরকার। বর্তমানে তার পরিচালনায় আরটিভিতে প্রচার হচ্ছে তারকাবহুল মেগা ধারাবাহিক নাটক ‘চিটিং মাস্টার’। এই গুণী নির্মাতাকে নিয়ে লিখেছেন খালেদ আহমেদ

 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে সঞ্জিত সরকার নাট্যগুরু ম. হামিদ ও ফালগুনী হামিদের প্রোডাকশন হাউজ টেলিরিয়েল লিমিটেডে কর্মজীবন শুরু করেন। ছাত্রজীবন থেকে মঞ্চ নাটকের দল নাট্যচক্রে কাজ করেন। সেই সুবাদে মঞ্চ নাটকের সম্মিলিত প্রতিষ্ঠান গ্রুপ থিয়েটার ফেডারেশন, আই টি আই’র সঙ্গে কাজ করার সুযোগ পান। বাংলাদেশে প্যাকেজ নাটক শুরুর দিক থেকেই তিনি টেলিভিশন নাটকের সঙ্গে যুক্ত হন। বাংলাদেশ টেলিভিশনের প্রথম প্যকেজ নাটক প্রাচীর পেরিয়ে নাটকটির কারিগরি ব্যবস্থাপক ছিলেন তিনি। সেই থেকে শুরু। ১৯৯৭ সালে তার লেখা প্রথম একক নাটক বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়। নাটকের নাম ‘হূদয়ের ক্যানভাস’। ১৯৯৯ সালে এটিএন বাংলায় প্রচার হয় ‘পোড়ামন’। ২০০১ সালে ইমদাদুল হক মিলনের রচনায় প্রথম ধারাবাহিক নাটক পরিচালনায় আসেন তিনি। এরপর থেকে ধারাবাহিকভাবে নাটক রচনা এবং পরিচালনা করে আসছেন। তার লেখা ধারাবাহিক নাটক ‘অপরূপা’ সেই সময় অনেক হিট হয়েছিল। ২০০৪ সালে রিজওয়ান খানের রচনায় ‘সেই হাসি সেই মুখ’ ধারাবাহিক নাটক হিসাবে বেশ আলোচিত হয়। এরপর মেগা ধারাবাহিক শুরু করেন— সূতোঁয় বাঁধা প্রজাপতি, শূন্য পাতা, ইতি দুলাভাই, মামা বাড়ির আবদার, লজিং মাস্টার, পলাশ ফুলের নোলক, গাঁয়ে মানে না আপনি মোড়ল ইত্যাদি। বর্তমানে সঞ্জিত সরকারের পরিচালনায় আরটিভিতে প্রচার হচ্ছে মেগা ধারাবাহিক নাটক ‘চিটিং মাস্টার’। তারকাবহুল ধারাবাহিক ‘চিটিং মাস্টার’ ইতিমধ্যে জয় করেছে দর্শকহূদয়।

আগামী ১৩ জানুয়ারি এই ধারাবাহিকের ৪০০তম পর্ব প্রচার হবে। নাটকের গল্পে দেখা যায়, জিনিয়ার বান্ধবী উপরের ভাড়াটিয়া রহিমকে বিয়ে করে—এই নিয়ে তুলকালাম কান্ড ঘটে। একজন ভাড়াটিয়া বাড়িভাড়া নেওয়া থেকে শুরু করে বাড়িওয়ালার মেয়ের বিয়ে পর্যন্ত নানা ধরনের হাস্যরসের ঘটনা ঘটতে থাকে। শাহাজাদা এবং বাদশাহ  সোনিয়া ও জিনিয়াকে বিয়ে করতে বিভিন্ন ধরনের ছলচাতুরির আশ্রয় নেয়—এমনি একটি পারিবারিক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘চিটিং মাস্টার’। সঞ্জিত সরকারের রচনা ও পরিচালনায় এই ধারাবাহিকে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, ফারহানা মিলি, আ খ ম হাসান, নাদিয়া নদী, নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, আরফান আহমেদ, সাজু খাদেম, এ্যানি খান, ডা. এজাজুল ইসলাম, ফারুক আহম্মেদ, মনিরা আক্তার মিঠু, প্রাণ রায়, আব্দুল্লাহ রানা, ওলিউল হক রুমি, শামীমা তুষ্টি, আল মনসুর প্রমুখ।

ধারাবাহিক প্রসঙ্গে নির্মাতা সঞ্জিত সরকার বলেন, ‘এটি মূলত পারিবারিক গল্পের নাটক। পরিবারের ভেতরের নানা গল্প এখানে উঠে এসেছে। এই নাটকের মাধ্যমে দর্শকরা সুন্দর কিছু মেসেজ পাবেন। সেইসঙ্গে পাবেন নাটকের মাধ্যমে সুস্থ বিনোদন। নাটকটি ৫০০ পর্বের বেশি প্রচারের কথা রয়েছে।’

ধারাবাহিক নাটক ‘চিটিং মাস্টার’ প্রতি বুধ থেকে শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হয়ে থাকে।