ফ য় জু ল আ ল আ মী ন
চিত্রনায়িকা সালওয়ার পরিচালক ভাগ্যটা বেশ ভালোই বলা চলে। কারণ এখন পর্যন্ত তিনি তিনটি সিনেমায় কাজ করেছেন। প্রথম সিনেমা ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তরুণ মেধাবী পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। পরবর্তীকালে সালওয়া কাজ শুরু করেন (করোনার লকডাউন শুরু হওয়ার আগে) বাংলাদেশের সিনেমার কিংবদন্তী নায়িকা কবরীর নির্দেশনায় সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘এই তুমি সেই তুমি’র কাজ। পরবর্তী সময়ে লকডাউন শেষ হলে তিনি শুরু করেন নাট্যপরিচালক সাইদুল ইসলাম রানার প্রথম সিনেমা ‘বীরত্ব’তে।
একজন পরিচালকের প্রথম সিনেমা যেন প্রথম সন্তানের মতোই। সেই হিসেবে সালওয়ার পরিচালক ভাগ্যটা সুপ্রসন্নই বলা চলে। নতুন শুরু করা দুটি সিনেমা ‘এই তুমি সেই তুমি’ এবং ‘বীরত্ব’র কাজ প্রায় শেষ। দুটি সিনেমারই কয়েকটি দৃশ্য ও গানের কাজ বাকি রয়েছে।
আগামী ২০ জানুয়ারি থেকে সালওয়া আবারও ‘এই তুমি সেই তুমি’ সিনেমার কাজ শুরু করবেন। এই সিনেমায় তিনি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া অরনী চরিত্রে এবং ‘বীরত্ব’ সিনেমায় তিনি ডা. দিনাতের চরিত্রে অভিনয় করছেন।
সিনেমায় কাজ করা প্রসঙ্গে সালওয়া বলেন, ‘শ্রদ্ধেয় কবরী ম্যাডামের পরিচালনায় কাজ করতে পারাটা আসলে সৌভাগ্যের ব্যাপার। যেহেতু তিনি নায়িকা ছিলেন সেই কারণে তিনি আমাকে আমার চরিত্রটি ফুটিয়ে তোলার ক্ষেত্রে খুব সহযোগিতা করেছেন। আমি তার নির্দেশনায় কাজ করতে পেরে সত্যিই ভীষণ তৃপ্ত, এটা আমার অভিনয় জীবনে অনেক বড় প্রাপ্তি।
আর রানা ভাই চমত্কার একজন মানুষ। তিনিও তার প্রথম সিনেমা অনেক যত্ন নিয়ে নির্মাণ করছেন। যে কারণে দুটি সিনেমা নিয়েই আমি অনেক আশাবাদী। আমার খুউব ভালো লাগবে—যদি আমাদের প্রজন্মের হাত ধরে আমরা আমাদের সিনেমার সোনালী দিনগুলোর মতো চলচ্চিত্রে সাফল্য ফিরিয়ে আনতে পারি।’
উল্লেখ্য, ‘এই তুমি সেই তুমি’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন সিনেমার পরিচালক কবরী। অন্যদিকে ‘বীরত্ব’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন সিনেমার পরিচালক সাইদুল ইসলাম রানা।
