সংগীতজ্ঞ আজাদ রহমানের জীবন ও কর্মভিত্তিক ওয়েবসাইট উন্মুক্ত

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২০:০৩

অনলাইন প্লাটফর্মে পহেলা জানুয়ারি সংগীতজ্ঞ আজাদ রহমানের জীবন ও কর্ম ভিত্তিক ওয়েবসাইট উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষামন্ত্রী আজাদ রহমানের আত্মার শান্তি কামনা করে এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, ‘এর মাধ্যমে সবাই আজাদ রহমানের কাজের ব্যাপ্তি ও গভীরতা সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন। আজাদ ভাইয়ের দেশ ও ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা তার কাজের মধ্য দিয়েই প্রকাশ পেয়েছে।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান এবং আজাদ রহমানের সহধর্মিণী সেলিনা আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. রুমানা আজাদ।

রাজশাহী থেকে শাস্ত্রীয় সংগীতের পুরোধা ব্যক্তিত্ব পণ্ডিত অমরেশ রায় চৌধুরী বলেন, ‘আজাদ রহমান উচ্চাঙ্গ সংগীতের মানুষ ছিলেন বলেই বাংলাদেশের সংগীতের নানা দিক আরো সমৃদ্ধ করতে পেরেছেন।’

সংগীত পরিচালক শেখ সাদি খান বলেন, ‘আমি দীর্ঘদিন আজাদ রহমান ভাইয়ের সঙ্গে কাজ করেছি এবং নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশের সংগীতজগেক একটি সাংগঠনিক রূপ দেওয়ার পিছনে আজাদ রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’ তিনি মনে করেন, ওয়েবসাইটটির মাধ্যমে পরবর্তী প্রজন্ম একজন গুণীমানুষ সম্পর্কে জানতে পারবে। কলকাতা থেকে যুক্ত সংগীতজ্ঞ ড. প্রদীপ কুমার ঘোষ বলেন, ‘আজাদ রহমানকে শ্রদ্ধা জানানোর সবচেয়ে সঠিক উপায় হলো বাংলাভাষায় বাণীনির্ভর উচ্চাঙ্গসংগীত চর্চা করা।’