মর্নিং ওয়াকে তিনটি রোগ আপনার নাগাল পাবে না

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২১:২১

এক সময় মানুষ শারীরিক পরিশ্রমকে জীবনের অংশ বলেই মনে করত। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি মানুষের জীবন থেকে শারীরিক পরিশ্রমের উপলক্ষ্যগুলোকে সরিয়ে নিতে শুরু করল। তখন থেকেই মানুষকে নির্দিষ্ট কিছু রোগ ব্যাপক হারে হামলা করতে শুরু করল। বিশেষ করে ডায়াবেটিস, হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপ। আগে মানুষ যখন নিয়মিত পরিশ্রম করত, তখন এই রোগগুলো মানুষকে আক্রমণ করার সুযোগ পেত না। শেষ বয়সে এসে শারীরিক পরিশ্রম থেকে অবসর নিলে মানুষ এসব রোগে আক্রান্ত হতো। কিন্তু এখন মানুষের জীবনে শারীরিক পরিশ্রম তেমন একটা না থাকায় অল্প বয়সেই এসব রোগে আক্রান্ত হচ্ছে।

লক্ষ করলে দেখা যাবে, এখনো যেসব লোক ৬০-৭০ বছর বয়সে এসেও কৃষিকাজ করেন—তাঁদের কেউই এই তিনটি রোগের কোনেটিতেই আক্রান্ত নন। পরিচিত যেসব লোক এসব রোগে আক্রান্ত, তাঁদের কেউই শারীরিক পরিশ্রম করেন না। যাঁরা মনে করেন, আগে খাবারে ভেজাল ছিল না বলে মানুষ এসব রোগে আক্রান্ত হতো না, কিন্তু এখন ভেজালের কারণে মানুষ এসব রোগে আক্রান্ত হচ্ছে; তাঁরা বলুন, ১. এখনো যাঁরা শারীরিক পরিশ্রমের পেশায় নিয়োজিত, যেমন নিয়মিত কৃষিখেতে কাজ করেন বা পায়েচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তারা কি ভেজাল খাবার খান না? ২. যেসব দেশে খাবারে ভেজাল তেমন নেই, উন্নত দেশ, সেসব দেশের মানুষ কি এসব রোগে আক্রান্ত হয় না?

এখনো যেহেতু অনেক মানুষ ঐসব রোগ থেকে ৬০-৭০ বছর বয়সে এসেও নিরাপদ থাকতে পারে শুধুই শারীরিক পরিশ্রমের কাজে সম্পর্ক রাখার কারণে, সেহেতু এসব রোগ থেকে নিজেকে নিরাপদ রাখতে তাদের মতো কোনো না কোনো শারীরিক পরিশ্রম করা। কৃষিখেতে কাজ করতে হবে না, পায়েচালিত রিকশাও চালাতে হবে না। শুধু প্রতিদিন মর্নিং ওয়াক বা প্রাতঃভ্রমণ করুন ৪০ মিনিট থেকে ১ ঘণ্টা, তবে জোরে জোরে, যেন শরীর গরম হয় বা ঘাম ঝরে, তাহলে নিরাপদ থাকা যাবে ঐ তিনটি ভয়ঙ্কর রোগ থেকে, নিশ্চিত।

নূর আহমদ

শিক্ষক, রোকনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোদ্দারবাজার, লক্ষ্মীপুর