মোহনগঞ্জ ও মুক্তাগাছা পৌরসভা নির্বাচন
নেত্রকোনা প্রতিনিধি
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য মোহনগঞ্জ পৌরসভার নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, স্বতন্ত্র প্রার্থী তাহিমনা পারভীন বিথী নারিকেল গাছ প্রতীকে এবং চৌধুরী আবু হেনা মোস্তফা কামাল সেতু মোবাইল প্রতীকে মেয়র পদে লড়ছেন। বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান রতনের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কদ্দুছ আজাদের মেয়ে তাহিমনা পারভীন বিথী। এছাড়া কাউন্সিলর পদে ৩৮ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন ১৪ জন। প্রার্থী ও সমর্থকরা নেত্রকোনা জেলা শহর ও আশপাশের এলাকায় জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন। বাংলাদেশ ছাত্রলীগ মোহনগঞ্জ উপজেলা শাখার সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদিকা স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তাহমিনা পারভীন বলেন, ‘আমার বাবা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল কুদ্দুছ আজাদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন। মেয়র হয়ে বাবার আদর্শ নিয়ে মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মোহনগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট লতিফুর রহমান রতন বলেন, কর্মীদের নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন। নৌকার প্রার্থী হিসেবে তিনিই জয়ী হবেন ইশাল্লাহ।
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, মুক্তাগাছায় পৌরসভা নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা জমে উঠেছে। মাইকিং পোস্টারিং ও ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। প্রার্থী ও কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। চলছে উঠান বৈঠক ও আলোচনাসভা।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন সরকার, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শহর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র মো. শহীদুল ইসলাম, স্বতন্ত্র মোবাইল প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (মোবাইল), জগ প্রতীকের প্রার্থী আতাউর রহমান লেলিন, বিএনপির বিদ্রোহী নারকেল গাছ প্রতীক প্রার্থী আক্রাম আলী ভুলু। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন ও কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী।
