ঘরই এখন কারাগার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২১:২৪

আট শর্তে ইয়াবা বহনকারী

কিশোরের মুক্তি

বরিশাল অফিস

পাঁচ পিস ইয়াবাসহ গ্রেফতার ১৯ বছর বয়সি কিশোর তানজিলকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ এই রায় ঘোষণা করেন। রায়ের পর তানজিলকে কারাগারে নিয়ে যাওয়া হয়নি, পরে তার মায়ের কাছে পাঠানো হয়েছে। নিজ ঘরেই এক বছর দণ্ডাদেশ ভোগ করতে হবে তানজিলকে। এমনকি তাকে সুনির্ধারিত আটটি কর্মকাণ্ড পালন করতে হবে। যার মধ্যে, মা-বাবার সেবা ও ভরণপোষণের দায়িত্ব পালন, নিজ বাড়ির উঠানে ১০টি ফলদ ও ১০টি বনজ বৃক্ষরোপণ, মাদক গ্রহণ না করা, ধূমপান না করা, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম বিষয়ে নিজেকে সমৃদ্ধ করা, প্রবেশন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রক্ষা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রক্ষা এবং স্বনির্ভর হওয়ার চেষ্টা করা। সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বয়স কম হওয়ায় এবং অপরাধ লঘু হওয়ায় আদালত আসামির ভবিষ্যত্ চিন্তা করে একবার সংশোধনের সুযোগ দিয়েছেন।

জানা গেছে, ২০১৯ সালের ২৪ অক্টোবর পাঁচ পিস ইয়াবাসহ নগরীর বাকলার মোড় থেকে গ্রেফতার করা হয় তানজিলকে। সে ঐ এলাকার আলমগীর হোসেনের ছেলে। একই সঙ্গে তাকে ২ হাজার টাকা জরিমানা করেছে আদালত।