কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় তালাকপ্রাপ্ত এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক স্বামী আব্দুল কাদের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে কুমিল্লার ৪র্থ আদালতের অতিরিক্ত দায়রা জজ রোজিনা খান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল কাদের জেলার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের আবু তাহেরের ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালে দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামের আবুল হোসেনের মেয়ে আয়েশা আক্তারের সঙ্গে একই উপজেলার ফতেহাবাদ গ্রামের আব্দুুল কাদেরের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে ২০১০ সালের দিকে তাদের তালাক হয়। ২০১৩ সালের ১২ আগস্ট বিকালে আয়েশা আক্তার মামার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে আব্দুল কাদের তার পথরোধ করে এবং কথা কাটাকাটির একপর্যায়ে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে আয়েশা মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন চার জনের বিরুদ্ধে ঐদিন রাতেই থানায় মামলা দায়ের করেন।
