শেয়ারের দাম বাড়ার কারণ জানে না তিন কোম্পানি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২১:২৭

 ইত্তেফাক রিপোর্ট

অস্বাভাবিকভাবে শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। কোম্পানি তিনটি হলো- আইএফআইসি, বে লিজিং এবং লাফার্জহোলসিম। গতকাল বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানি তিনটিকে চিঠি দেয় ডিএসই। ৪ জানুয়ারি আইএফআইসি, লাফার্জহোলসিম ও ৫ জানুয়ারি বে লিজিং ডিএসইর ঐ চিঠির জবাব দিয়েছে। চিঠিতে কোম্পানি তিনটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের কোম্পানির শেয়ারের দাম এভাবে বাড়ছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২২ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম ছিল ১২ টাকা ৩০ পয়সা। আর ৫ জানুয়ারি দাম বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ৬০ পয়সা। ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ৩৫ শতাংশ। ২৩ ডিসেম্বর বে লিজিংয়ের শেয়ারের দাম ছিল ১৭ টাকা ৩০ পয়সা। আর ৫ জানুয়ারি লেনদেন হয়েছে ২৮ টাকা ৭০ পয়সা। ফলে ৮ কার্যদিবসে দাম বেড়েছে ১১ টাকা ৩০ পয়সা বা ৬৫ শতাংশ। গত ২০ ডিসেম্বর লাফার্জহোলসিমের শেয়ারের দাম ছিল ৪০ টাকা ৬০ পয়সা। আর ৪ জানুয়ারি লেনদেন হয়েছে ৫৭ টাকা ৬০ পয়সা। ফলে ১০ কার্যদিবসে দাম বেড়েছে ১৭ টাকা বা ৪২ শতাংশ।